News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪২, ২৬ জানুয়ারি ২০২৬

মেক্সিকোতে ফুটবল ম্যাচে সশস্ত্র হামলা, নিহত ১১

মেক্সিকোতে ফুটবল ম্যাচে সশস্ত্র হামলা, নিহত ১১

ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের সালমানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে সশস্ত্র হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

রবিবার (২৫ জানুয়ারি) সালমানকার একটি আবাসিক পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর হঠাৎ করেই সশস্ত্র ব্যক্তিরা ভিড় লক্ষ্য করে গুলি চালায়, ফলে ঘটনাস্থলেই একাধিক হতাহতের ঘটনা ঘটে।

সালমানকা সিটির মেয়র সেসার প্রিয়েতো রবিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় হতাহতের তথ্য নিশ্চিত করেন। তবে হামলার পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে তিনি জানান। 

মেয়রের দেওয়া তথ্যমতে, আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে ফেরি ডুবিতে নিহত  ১৫

এ ঘটনায় মেয়রের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

গুয়ানাজুয়াতো রাজ্য মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত। তবে সরকারি হত্যাকাণ্ডসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান গ্যাং টার্ফ যুদ্ধের কারণে রাজ্যটি দেশটির সবচেয়ে প্রাণঘাতী অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

উল্লেখ্য, মেক্সিকো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক দেশ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। এছাড়া দেশের আরও দুটি স্টেডিয়ামে টুর্নামেন্টের চারটি ম্যাচ এবং দুটি করে আন্তঃকনফেডারেশন প্লে-অফ ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই হামলার ঘটনা আসন্ন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের প্রেক্ষাপটে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়