News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ১৬ জানুয়ারি ২০২৬

৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ছবি: সংগৃহীত

বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, “আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ (বুধবার) ফাঁসি হওয়ার কথা ছিল।” লিভিট আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের চাপের কারণে ইরানের ইসলামি সরকার এই পদক্ষেপ নিয়েছে।

গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লাবের পর ইরানের শাসনামলে এত বড় বিক্ষোভ আন্দোলন কখনো হয়নি। আন্দোলনের মূল কারণ দেশের ভঙ্গুর অর্থনীতি। দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের কারণে ইরানি রিয়েলের মান বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ইরানিতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।

মুদ্রার এই দুরবস্থা ও দীর্ঘদিনের মূল্যস্ফীতির কারণে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ। ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকেন, যা বিক্ষোভের সূত্রপাত করে।

আরও পড়ুন: ভেনেজুয়েলা থেকে প্রথম চালানেই ৫০ কোটি ডলারের তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

পরবর্তীতে মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ইরান সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে এবং দেশজুড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে। জনগণ ও সশস্ত্র বাহিনীর সংঘর্ষে ইতোমধ্যে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আর হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়