আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১০:৫০, ২৭ জুলাই ২০২৬

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করল ইরান

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্থায়ী যুদ্ধবিরতি হিসেবে দেখছে না তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অতীতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসঘাতকতা করলেও বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাত বিমান হামলা চালানোর পর গত শুক্রবার (২৪ জুলাই) অভিযান স্থগিতের ঘোষণা দেয় পেন্টাগন। এরপর থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালায়নি। একই সময়ে ইরানও পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন কোনো হামলা চালায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট হামলার জবাব হামলাতেই দেওয়া হবে। হামলা বন্ধ থাকলে ইরানও হামলা বন্ধ রাখবে। এই বার্তা ইতোমধ্যে ওয়াশিংটনকে জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, কূটনৈতিক উদ্যোগের সুযোগ তৈরি করতেই ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে।

তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, টানা দুই সপ্তাহের অভিযানে ইরানের অধিকাংশ নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে গোলাবারুদ ও অস্ত্রের মজুত কমে আসায় পরবর্তী বড় ধরনের সামরিক পদক্ষেপের ঝুঁকি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

আরও পড়ুন: তেলাপোকাদের আন্দোলনের পর পরীক্ষা সংস্কারে মোদির নতুন ঘোষণা

অন্যদিকে, ইরানি বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত একটি কৌশলগত বিরতি। তেহরানের একটি সূত্রের দাবি, দেশটির সাধারণ জনগণ ও প্রশাসনের অনেকের মধ্যেই স্থায়ী সমাধানের পরিবর্তে অনিশ্চয়তা ও সংশয় কাজ করছে।

এদিকে, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়