‘তেলাপোকাদের’ আন্দোলনের পর পরীক্ষা সংস্কারে মোদির নতুন ঘোষণা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সৃষ্ট আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। একই সঙ্গে আন্দোলনকারীদের বাকি দাবিও মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পরিপ্রেক্ষিতে টানা ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহার করে রাজপথ ছেড়েছেন আন্দোলনকারীরা।
পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, টাস্কফোর্সটি দেশের পরীক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলো আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যারা প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে।
মোদি আরও জানান, এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। পাশাপাশি সংসদে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের কার্যক্রমও এগিয়ে চলছে।
তিনি বলেন, আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বার্লিন প্রাইড প্যারেডে গাড়ি হামলা: নিহত ১, আহত ১৭
প্রধানমন্ত্রী জানান, টাস্কফোর্সের সুপারিশ হাতে পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের মাধ্যমে আসন্ন পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








