খামেনির মৃত্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্ব রাজনীতিতে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তার ওপর সম্ভাব্য হামলা ঠেকানোর লক্ষ্যেই তিনি খামেনিকে হত্যার এই ত্বরিত পদক্ষেপ নিয়েছেন।
ট্রাম্প বলেন, সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।
তিনি আরও যোগ করেন, ইরান অন্তত দু’বার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল, কিন্তু তিনি আগে আঘাত করার সিদ্ধান্ত নেন। এই মন্তব্যে মূলত ২০২৪ সালে তার ওপর হওয়া কথিত হত্যাচেষ্টার দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।
আরও পড়ুন: ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন: উপদেষ্টা
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, যার ফলে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হামলায় খামেনি নিহত হয়েছেন। রবিবার (০১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং ফার্স নিউজ এজেন্সি আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের সর্বোচ্চ নেতার প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, খামেনির স্মরণে আগামী সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এবিসি নিউজ
নিউজবাংলাদেশ.কম/পলি








