ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিচ্ছে সরকার
ফাইল ছবি
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে ফ্রিল্যান্সারদের জন্য নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) চালু করছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (VAPT) সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।
নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই আইডি কার্ডের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে লাভ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও সুদৃঢ় হবে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: গুগল পরীক্ষা করছে নতুন এআই ছবি মডেল ‘ন্যানো বানানা-২ ফ্ল্যাশ’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, তরুণ সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এই উদ্যোগকে একটি কৌশলগত জাতীয় কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








