গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে এনসিএসএ’র হটলাইন চালু
ফাইল ছবি
দেশের ডিজিটাল পরিসরে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। এর অংশ হিসেবে জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, এখন থেকে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে। একই সঙ্গে অভিযোগকারীরা notify@ncsa.gov.bd এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও অভিযোগ পাঠাতে পারবেন।
এ উদ্যোগের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এর মাধ্যমে অপতথ্য মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এদিকে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে এনসিএসএ। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং কনটেন্টের সত্যতা নিশ্চিতকরণের কাজ করছে।
এ কার্যক্রম পরিচালনায় এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
আরও পড়ুন: এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব
এনসিএসএ’র পক্ষ থেকে জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে তার উৎস যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট চোখে পড়লে তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে অবহিত করার অনুরোধ করা হয়।
সংস্থাটি জানিয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটোকার্ড ও ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে।
সাইবার অপরাধ প্রতিরোধে নাগরিকদের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ’র ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন চালু থাকা হেল্পলাইন সেবাও অব্যাহত রয়েছে। বিভিন্ন ধরনের অভিযোগ গ্রহণের জন্য নিচের ই-মেইল ঠিকানাগুলো ব্যবহার করা যাবে—
- report_misinfo@ncsa.gov.bd (জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, misinformation/disinformation সংক্রান্ত অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগ)
- report_harassment@ncsa.gov.bd (ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্টের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত অভিযোগ)
- report_cii@ncsa.gov.bd (গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো—CII প্রতিষ্ঠানসমূহের সাইবার হামলা সংক্রান্ত অভিযোগ)
- notify@ncsa.gov.bd (সব ধরনের দাপ্তরিক যোগাযোগ বা অভিযোগ)
- report_betting@ncsa.gov.bd (অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ)
এ ছাড়া এনসিএসএ’র ২৪/৭ হেল্পলাইন নম্বর হিসেবে +880241024060 নম্বরেও যোগাযোগ করা যাবে।
এনসিএসএ জানিয়েছে, নাগরিকদের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্যভাবে ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
নিউজবাংলাদেশ.কম/পলি








