স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে। যারা এ সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও কাজ করা হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করেছে বর্তমান সরকার।

মন্ত্রী জানান, নিয়োগের বিষয়ে তাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন এসেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা (ডিপিইও) নিয়োগপত্র ইস্যু করেন। এ সময় দেখা গেছে, অনেকের ভেরিফিকেশন সম্পন্ন হয়নি এবং অনেকে ঠিকানা পরিবর্তন করেছেন। সংশ্লিষ্টরা পর্যায়ক্রমে এসব তথ্য ও কাগজপত্র জমা দিচ্ছেন।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

শিক্ষামন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে যাচাই-বাছাই চলছে এবং ঠিকানা-সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে। যাদের যাচাই-বাছাই এখনো শেষ হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়