মোহাম্মদপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সোমবার (০২ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে গাড়ির ভেতরে থাকা যাত্রী এবং আশপাশের কয়েকজন দগ্ধ হন বলে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধরা হলেন মো. তারেক রহমান (২৩), রেহানা বাদল (২৩), মোহাম্মদ মনা (৪০), মো. মিরাজ (৩৬), মো. আকাশ (২৫), মো. জনি (৩৫), মো. আজাদ (৫৫) এবং ইরফান (১১)।
আরও পড়ুন: জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুর থেকে দগ্ধ অবস্থায় মোট আটজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে; ভর্তি দুজনের মধ্যে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে হুমায়ুন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রাইভেটকারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডারের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তদন্ত কার্যক্রম শুরু করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








