রাজধানীতে বছরের প্রথম বৃষ্টি, স্বস্তির আভাস
ছবি: নিউজবাংলাদেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শরতের তপ্ত রোদে কিছুটা স্বস্তির পরশ নিয়ে এলো বছরের প্রথম বৃষ্টি। আকস্মিক এই বৃষ্টিতে পথচারীরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও জনজীবনে ফিরেছে প্রশান্তি।
সোমবার (০২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর গড়াতে গড়াতে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টি।
বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর ২টার পর হালকা বৃষ্টি নেমেছে। হঠাৎ হওয়া এই বৃষ্টিতে দুপুরের গরমের অনুভূতি কিছুটা কমেছে। পথচারীরা অপ্রস্তুত অবস্থায় দোকান ও ছাউনিতে আশ্রয় নিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জনজীবনে ফিরছে স্বস্তি
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি হবে না।
ঢাকায় বাতাস পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (০৩ মার্চ) ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী সপ্তাহে আরও কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই হালকা বৃষ্টি রাজধানীবাসীর জন্য কিছুটা রিফ্রেশিং পরিবেশ সৃষ্টি করেছে এবং এই মৌসুমের আবহাওয়ার প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে চিহ্নিত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








