News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ১০ মার্চ ২০২১

ছয় মাস পর লেক থেকে উদ্ধার সচল আইফোন 

ছয় মাস পর লেক থেকে উদ্ধার সচল আইফোন 

ছয় মাস আগে নিজের আইফোনটি হারিয়েছিলেন ফাতেমে গদসি। তা-ও আবার আড়াইশ বর্গকিলোমিটারের এক লেকের তলায়। মাস ছয়েক পর মুঠোফোনে একটি এসএমএস পান, কেউ একজন তার ফোনটি খুঁজে পেয়েছেন। বিশ্বাস করার কথা নয়। বিশ্বাস তিনি করেনওনি। ভেবেছিলেন, নিশ্চয় কোনো বন্ধুর কাজ, মজা করছেন তার সঙ্গে।

ফাতেমে থাকেন কানাডার ভ্যাঙ্কুভারে। হ্যারিসন লেক সেখান থেকে খুব দূরে নয়। একসময় তার মনে হলো, ব্যাপারটা পরখ করে দেখা দরকার। সত্যিও তো হতে পারে। এসএমএসে বলা হয়েছিল, চিলিওয়াক নামের জায়গা থেকে ফোন সংগ্রহ করতে হবে। সেখানে গেলেন। হারানো আইফোন ফিরে পেলেন। কানাডীয় সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফাতেমের তখনো অবাক হওয়ার বাকি। খানিক বাদে দেখলেন, ফোনটি তখনো কার্যকর।

হ্যারিসন লেকের তলায় আইফোন ১১ মডেলের স্মার্টফোনটি খুঁজে পান ক্লেটন হেলকেনবার্গ ও তার স্ত্রী হিদার। শখের বসে তারা অদ্ভুত সব সামগ্রীর আশায় জলাশয়ের তলায় খুঁজে বেড়ান। বেশির ভাগ সময়ে আবর্জনা ছাড়া তেমন কিছু মেলে না। মূল্যবান কিছুর খোঁজ মেলে কদাচিৎ।

ওদিকে ফাতেমে ফোনটি হারিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে। টিউবের সাহায্যে তৈরি বাম্পার বোটে চড়ে ঘোরার সময় তার আইফোন পানিতে পড়ে যায়। সে ঘটনার আগে নিজের হাস্যোজ্জ্বল ছবি তুলেছিলেন ফোনে। ফোন থেকে সেই ছবিগুলোও উদ্ধার হয়েছে।

ফাতেমে গদসি বলেন, ‘পরিস্থিতি এমন হয়েছিল যে ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম আর তখনই ফোনটি পানিতে পড়ে যায়।’

জলাশয়ের নিচে মূল্যবান জিনিসপত্রের খোঁজে ডুব দিয়ে বেড়ান ক্লেটন হেলকেনবার্গ। সেসব অভিযানের ভিডিও ধারণ করে পোস্ট করেন ইউটিউবে। এখন পর্যন্ত বহু ফোন তিনি খুঁজে পেয়েছেন, বেশির ভাগই ফিচার ফোন ধাঁচের। ফোন পেলে সচরাচর শুকানোর জন্য সিলিকার কন্টেইনারে রাখেন তিনি। ফাতেমের আইফোন ১১ সম্পর্কে বলেন, ‘আমি সেটা বাড়ি নিয়ে গিয়ে ময়লা পরিষ্কার করার পর সেটি চালু হয়। ব্যাপারটি চমৎকার।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়