বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুটিং সেটে পোশাক নিয়ে অস্বস্তিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা

শুটিং সেটে পোশাক নিয়ে অস্বস্তিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা

রাধিকা আপ্তে। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা প্রদর্শন এবং শুটিং সেটে অপ্রীতিকর প্রস্তাব পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার কারণে ইন্ডাস্ট্রির একাংশের মধ্যে তাঁর সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছিল। তাঁকে যেকোনো ধরনের দৃশ্যে রাজি করানো যাবে এমন ধারণা থেকে চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো বলে জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশ ধরে নিয়েছিল, তিনি সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হয়ে যাবেন। তবে প্রয়োজনের বাইরে কোনো দৃশ্যে অভিনয়ের প্রস্তাব এলে তাঁকে সরাসরি না বলতে হয়েছে।

সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ঘটনা উল্লেখ করেন রাধিকা। তাঁর দাবি, ওই দৃশ্যের সময় তাঁকে শার্টের বোতাম খুলে অভিনয় করার কথা বলা হয়েছিল।

রাধিকা বলেন, অ্যাকশন দৃশ্যে শার্ট সরে যেতে পারে এমন কথা বলার পর নির্মাতাদের পক্ষ থেকে আরও খোলামেলা পোশাকে দৃশ্যটি করার প্রস্তাব দেওয়া হয়। এতে তিনি হতবাক হয়ে যান বলে জানান অভিনেত্রী।

রাধিকার মতে, চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অপ্রয়োজনীয়ভাবে শরীর প্রদর্শন করানোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। নিজের কাজের ক্ষেত্রে এই সীমারেখা নিয়ে তিনি বরাবরই স্পষ্ট অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন: সীমান্তের জীবনসংগ্রামের গল্প নিয়ে ডাঙগোয়াল

সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী সিনেমা ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ও কাজের পরিবেশ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়