স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ৫ জুন ২০২৬

বিশ্বকাপের আগে ধাক্কা, আইভরি কোস্টের কাছে হারল ফ্রান্স

বিশ্বকাপের আগে ধাক্কা, আইভরি কোস্টের কাছে হারল ফ্রান্স

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ও শক্তিশালী দল ফ্রান্স শেষ প্রস্তুতি ম্যাচে হোঁচট খেয়েছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আইভরি কোস্ট।

ম্যাচের শুরুটা ছিল ফ্রান্সের দখলে। প্রথমার্ধে রায়ান চেরকির দুর্দান্ত গোলে এগিয়ে যায় দিদিয়ের দেশমের দল। তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আইভরি কোস্ট। গুয়েলা দুয়ের গোলে সমতায় ফেরার পর ম্যাচের শেষ দিকে জয়সূচক গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আমাদ দিয়ালো। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।

আগামী ১৬ জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। বিশ্বকাপের ঠিক আগে এমন হারকে অবশ্য বড় উদ্বেগের কারণ হিসেবে দেখছেন না দলের খেলোয়াড়রা।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেন, পরাজয় সবসময়ই হতাশাজনক। তবে আমরা এখন প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি এবং নিজেদের ওপর পূর্ণ আস্থা রাখি। এই ম্যাচ জিতলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যেত না। বিশ্বকাপের মূল আসরে আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই মাঠে নামব।

আরও পড়ুন: বিটিভিতে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চয়তা কাটছে

তবে খেলোয়াড়দের তুলনায় বেশি সতর্ক অবস্থানে আছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ম্যাচ শেষে তিনি বলেন, পরাজয় কখনোই সুখকর নয়। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিবর্তন করেছি, কিন্তু সেটি অজুহাত হতে পারে না। আইভরি কোস্ট দুর্দান্ত গতিতে খেলেছে। এই হার আমাদের মনে করিয়ে দিল, আমরা নিজেদের যতটা এগিয়ে মনে করি, বাস্তবে এখনও ততটা নই। ১৬ জুন আমাদের ঠিক এমনই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়