স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৭, ৮ জুন ২০২৬

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন ওয়েসলি

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন ওয়েসলি

ডিফেন্ডার ওয়েসলি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে দলটির গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ওয়েসলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

রবিবার(৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর করা এমআরআই পরীক্ষায় ওয়েসলির বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে আঘাত ধরা পড়ে। ফলে আসন্ন বিশ্বকাপে তার খেলা হচ্ছে না।

ওয়েসলির পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এদারসনকে। সিবিএফ জানিয়েছে, তিনি সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ফার্স্টএনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় ব্রাজিল। তবে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েসলি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই ডিফেন্ডার গত মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন এবং দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

চোট পাওয়ার পর মাঠ ছাড়ার সময় ওয়েসলিকে আবেগাপ্লুত দেখা যায়। হতাশায় কাঁদতে কাঁদতে মাঠ ত্যাগ করেন তিনি। পরে ডাগআউটেও তাকে বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখা যায়। ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগের সময়ও তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ওয়েসলির অনুপস্থিতিকে বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ওয়েসলি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ইতালিতে খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে এবং নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করেছে।’

আরও পড়ুন: সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম ইকবাল

বিশ্বকাপের ঠিক আগে ওয়েসলির ছিটকে যাওয়া ব্রাজিলের রক্ষণভাগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন তার শূন্যতা কতটা সফলভাবে পূরণ করতে পারে সেলেসাওরা, সেটাই দেখার বিষয়। সূত্র: রয়টার্স

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়