স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ২৭ জুলাই ২০২৬

ফাইনালের ক্ষত নিয়ে নীরবতা ভাঙলেন স্কালোনি

ফাইনালের ক্ষত নিয়ে নীরবতা ভাঙলেন স্কালোনি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর এক সপ্তাহ পর নীরবতা ভেঙে আবেগঘন এক খোলাচিঠি লিখেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। চিঠিতে তিনি শিরোপা জিততে না পারার আক্ষেপ প্রকাশের পাশাপাশি সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফাইনালে হতাশাজনক পারফরম্যান্সের পর সংবাদমাধ্যমের সামনে আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। কান্নাজড়িত কণ্ঠে কথা বলতে গিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনও শেষ করতে পারেননি তিনি।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে কয়েকদিন নিজ জন্মস্থান পুখাতোয় সময় কাটান স্কালোনি। স্থানীয় মানুষের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নিজের অনুভূতির চিঠি, যা পোস্ট হওয়ার পর লাখো মানুষের প্রতিক্রিয়া ও সমর্থন পায়।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় স্কালোনি লেখেন, আমি দুঃখিত, আপনাদের জন্য আরেকটি কাপ নিয়ে আসতে পারলাম না।

ফাইনালের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লেখেন, দুঃখ আর আনন্দ একসঙ্গে মিশে গেছেকান্না আর হাসি, যন্ত্রণা আর প্রশান্তি।

চিঠিতে দলের প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন এই আর্জেন্টাইন কোচ। তিনি জানান, স্ত্রীয়ের সঙ্গে আলাপচারিতায় প্রায়ই খেলোয়াড়দের আমার যোদ্ধারা বলে সম্বোধন করেন। দলের নিষ্ঠা ও লড়াইয়ের মনোভাবেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিশ্বকাপ চলাকালে যারা দলকে নিয়ে সমালোচনা করেছিলেন, তাদের প্রতিও ইঙ্গিতপূর্ণ বার্তা দেন স্কালোনি। তিনি লেখেন,বরফঠান্ডা জলের ধাক্কা সহ্য করা (যে মানুষেরা আমাদের চেনেও না)। তার মতে, এমন প্রতিকূলতা অতিক্রম করার সামর্থ্যই দলের সবচেয়ে বড় অর্জন বা আসল ট্রফি।

চিঠিতে খেলোয়াড়, কোচিং স্টাফ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তা-কর্মচারী এবং পর্দার আড়ালে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান স্কালোনি। শেষ করেন একটি আবেগঘন বাক্যে, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে অমূল্য সম্পদ আছে।

আরও পড়ুন: জোড়া গোলের পরও নিষিদ্ধ হলেন নেইমার

এদিকে, স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। তিনি দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ধরে রেখেছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়