স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ২৬ জুলাই ২০২৬

জোড়া গোলের পরও নিষিদ্ধ হলেন নেইমার

জোড়া গোলের পরও নিষিদ্ধ হলেন নেইমার

নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন নেইমার। শাপকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-২ ব্যবধানে ড্র এনে দিলেও ম্যাচ শেষে নিষেধাজ্ঞার দুঃসংবাদ শুনতে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে।

ম্যাচের প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও বিরতির ঠিক আগে সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে টানা দুই গোল করে এগিয়ে যায় সফরকারী শাপকোয়েন্স। ম্যাচে হার এড়াতে শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় সান্তোস। এরই ধারাবাহিকতায় ৮৯তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে ক্যাবায়েরোকে ফাউল করলে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ২-২ ব্যবধানে সমতা ফেরান নেইমার।

তবে ম্যাচজুড়ে রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারার সঙ্গে বাক্যবিনিময়ে জড়িয়ে পড়লে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, টানা তিনটি হলুদ কার্ড দেখলে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন নেইমার। চলতি মৌসুমে তার মোট হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। একই কারণে এর আগেও এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল তাকে।

আরও পড়ুন: বিশ্বকাপের ফ্লপ একাদশে রোনালদোসহ আছেন যারা

ফলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে রক্ষা করলেও পরের ম্যাচে মাঠের বাইরে থেকেই সান্তোসকে সমর্থন দিতে হবে নেইমারকে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়