নির্বাচনের আগে হত্যাকাণ্ডে বিএনপির উদ্বেগ
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে দেশ যখন এগোচ্ছে, তখন নতুন করে হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ যখন নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়ে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু একটি হত্যাচেষ্টা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আশঙ্কা করছি এইরকম আরও ঘটনা ঘটতে পারে।
মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের হত্যা করে। জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাহীন করার উদ্দেশ্য নিয়েছিল। একইভাবে ২০২৪ সালে আমাদের সন্তানদেরও হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন অতো সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান
তিনি বলেন, আজকের দিনে আমরা শহীদদের স্মরণ করছি এবং শপথ নিয়েছি যে, আমরা যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব। আমাদের নেতা, দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আমাদের প্রতিষ্ঠাতা নেত্রী খালেদা জিয়ার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করেছি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহ অন্যান্য সিনিয়র নেতা ও দলের ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র-যুব-নারী সংগঠন ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে থাকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং শহীদদের স্মরণে আলোচনা সভা।
নিউজবাংলাদেশ.কম/পলি








