‘ইনসাফের কথা বললেও অপকর্মের শেষ নেই, জনগণ তাদের বিশ্বাস করে না’
ছবি: সংগৃহীত
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা ইনসাফের কথা বলে, তাদের অপকর্মের শেষ নেই। জনগণ তাদের বিশ্বাস করে না।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াত ও এনসিপির রাজনীতি দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম নয়।
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। চাকরি, সামাজিক কর্মকাণ্ড কিংবা রাষ্ট্র পরিচালনায় অতীতের অন্যায় ও বৈষম্যমূলক চর্চার পুনরাবৃত্তি হলে জনগণ কোনো রাজনৈতিক দলকেই আস্থার জায়গায় রাখবে না। তাই জবাবদিহিতা নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলের সহাবস্থানে আস্থা রাখে।
আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ যে বাস্তবতার মুখোমুখি হয়েছে, তা সবারই জানা। তাই আওয়ামী লীগকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই।
দলের নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, এমন কোনো বক্তব্য বা আচরণ করা উচিত নয়, যাতে কেউ আহত হন বা কষ্ট পান।
আরও পড়ুন: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








