জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলের নেতারা জানান, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়েই সেই জোটের কার্যকারিতা শেষ হয়েছে। এরপরও কিছু কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে ১১ দলীয় জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস।
নেতারা বলেন, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে জাতীয় সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানানো হয়।
দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারের সমালোচনা করে খেলাফত মজলিসের নেতারা বলেন, জুলাই সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে। তাদের দাবি, জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রিজভী
এছাড়া জুলাই ও শাপলা হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করারও দাবি জানান তারা। পাশাপাশি সতর্ক করে বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকার রাজনৈতিক সংকটে পড়তে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








