‘আ. লীগের রাজনৈতিক পতন হয়েছে, আর রাজনীতি করতে পারবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং দলটি আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত আন্দোলনের সফল পরিসমাপ্তির পেছনে এসব ছিল পর্দার অন্তরালের ঘটনা।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবসা না করেন বলে এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা নিয়ে ব্যবসা করবে, দেশের মানুষই তাদের পরিণতি দেখবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








