জুনে কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
ফাইল ছবি
চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং বেশি তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১ জুন) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সাধারণত জুন মাসের মাঝামাঝি সময়ে দেশে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ় শুরু হয়। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, জুনে গড়ে ৪৫৯ মিলিমিটার এবং জুলাইয়ে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। জুলাইকে দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার জুনে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশের বেশি ছিল, যা অস্বাভাবিক হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দিলেন ফাওজুল কবির খান
অতিরিক্ত বৃষ্টির কারণে এপ্রিল মাসে দেশের হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষতি হয়েছে। ফলে কৃষি খাতেও এর প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








