News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ২ জুন ২০২৬
আপডেট: ১৩:১২, ২ জুন ২০২৬

খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

ছবি: সংগৃহীত

খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পর আগামী জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার রাখতে ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করছে। লেকের দূষণ রোধে সুয়ারেজ লাইনগুলো দাশেরকান্দি শোধনাগারে নেওয়ার পরিকল্পনা চলমান রয়েছে।

তিনি আরও জানান, গুলশান-বনানী এলাকার সোসাইটিগুলোকে আগামী ছয় মাসের মধ্যে নিজস্ব সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্তের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সোমবার (১ জুন) তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কারের জন্য দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে। এ কাজে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

আরও পড়ুন: ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ একাধিক পদে রদবদল

পরিদর্শনকালে দুই সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়