রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ এপ্রিল থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হতে যাচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়েই দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
রবিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি জানান, জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে এই কেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের মাধ্যমে প্রকল্পটি উৎপাদন পর্যায়ে প্রবেশ করবে।
চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি
এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যার ফলে জ্বালানি লোডিংয়ের পথ উন্মুক্ত হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








