শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে: তথ্যমন্ত্রী
কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
খুব শিগগিরই ১০ম সংবাদপত্র ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা ও মর্যাদা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন, হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা এবং জেলা পর্যায়ে সুরক্ষা উদ্যোগ জোরদার।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের সংখ্যা চারটি। বেসরকারি ৫৫টি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩৭টি।
আরও পড়ুন: ‘তেলের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে ভাড়া বাড়াতে চাচ্ছে বাস মালিকরা’
নতুন কোনো টেলিভিশন চ্যানেল অনুমোদনের আবেদন বর্তমানে অপেক্ষমাণ নেই বলেও জানান মন্ত্রী। ভবিষ্যতে নতুন আবেদন এলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








