২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করল ইসি
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০ দিন পর ২৯৭টি সংসদীয় আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (০৪ মার্চ) কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ৩০০টি আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল আপলোড করা হয়। এর ফলে ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলো এখন প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল, প্রাপ্ত ভোট, বাতিল ভোটসহ বিস্তারিত তথ্য অনলাইনে যাচাই করতে পারবেন।
নির্বাচন কমিশনের সচিবালয় জানিয়েছে, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোটগ্রহণে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ভোট ও ফলাফল স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতে চলমান মামলার কারণে স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ
কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি হওয়ার পর এ দুই আসনের ফলাফল ঘোষণা করা হবে। একইভাবে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ বাতিল করা হয়েছিল। এই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
একই দিনে বগুড়া-৬ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান এই আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের মাধ্যমে ভোটার ও প্রার্থীরা নিজেদের কেন্দ্রের পৃথক ভোটসংখ্যা, প্রাপ্ত ভোট, বাতিল ভোট এবং প্রার্থীদের পৃথক প্রাপ্তির তথ্য যাচাই করতে পারবেন। এতে নির্বাচনি স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে বিএনপি দীর্ঘ দুই দশক পর সরকার গঠনের সুযোগ পায়। অবশিষ্ট তিনটি আসনের বিষয়ে আদালতের নির্দেশনা ও নির্ধারিত ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ হবে বলে কমিশন জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








