চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা থেকে অভিযান শুরু হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী অভিযান শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং ৫০ থানার ওসিদের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের স্বস্তি নিশ্চিত করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
বিগত সরকারের সময় পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কারণে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তেছে। তবে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ দায়ী নয়। জনমনে আস্থা ফিরিয়ে আনতে এবং পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








