‘শিশুদের সংবাদই হোক শিরোনাম’
ছবি: সংগৃহীত
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মানের নাগরিক ও ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শিশু-কিশোররা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করলে সেটি কেবল ব্যক্তিগত নয়, পুরো জাতির অর্জন হিসেবে বিবেচিত হবে।
একই সঙ্গে গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের নানা সংকটের খবরের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সাফল্য ও সম্ভাবনার সংবাদও যেন যথাযথ গুরুত্ব পায় এবং নতুন কুঁড়ির শিশুদের খবরই যেন সংবাদমাধ্যমের শিরোনামে স্থান পায়।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিকেল পৌনে ৪টার দিকে স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সমাপনী আয়োজনের বিভিন্ন পর্বে অংশ নেন এবং বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, এই ইভেন্টটা বাংলাদেশের ভবিষ্যৎ। যারা মাঠে খেলছে, যারা গ্যালারিতে বসে আছে তাদের মধ্যেই ভবিষ্যৎ বাংলাদেশ। তাই আগামীকালের পত্রিকা কিংবা আজ রাতের টেলিভিশন সংবাদে যত খবরই থাকুক, আমার অনুরোধ থাকবে নতুন কুঁড়ির শিশুদের খবরটি যেন লিড করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব সমস্যার পাশাপাশি দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎকেও সামনে আনতে হবে এবং নতুন প্রজন্মের সাফল্যকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম নিজেদের দক্ষতা, মেধা ও যোগ্যতা দিয়ে গড়ে তুলতে পারলে দেশও এগিয়ে যাবে।
শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পার, তাহলে বাংলাদেশও গড়ে উঠবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, খেলোয়াড় ও দক্ষ মানবসম্পদ তৈরি হবে। কখনো নিজেকে ছোট ভাববে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন: নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের সন্তানরা বিজয়ী হয়ে ফিরলে সেটিই হবে পুরো বাংলাদেশের গর্ব ও অর্জন।
সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে বসে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল, ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করেন। পরে নতুন কুঁড়ি স্পোর্টসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রতিযোগিতার থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো প্রতিযোগী, প্রশিক্ষক, অভিভাবক, ক্রীড়া সংগঠক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় এবং ১৮ জুলাই থেকে জাতীয় পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়।
ফুটবলের বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট। আর বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রংপুর। প্রতিযোগিতার বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টসকে দীর্ঘমেয়াদি প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত এই আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে নতুন প্রতিভা তৈরির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








