স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪৬, ২৭ জুলাই ২০২৬

আপাতত বন্ধ হচ্ছে না সিএনজি স্টেশন, ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার

আপাতত বন্ধ হচ্ছে না সিএনজি স্টেশন, ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গ্যাস সংকটের কারণে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) সিএনজি ফিলিং স্টেশন একদিনের জন্য বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তবে সংগঠনটি জানিয়েছে, কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি বহাল থাকবে।

এর আগে গত ২১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি, স্বয়ংক্রিয় কমিশন সমন্বয়সহ চার দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সংগঠনের নেতারা জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকায় অপরিবর্তিত রয়েছে। অথচ গত প্রায় ১১ বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম, মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, ব্যাংক গ্যারান্টি কমিশন, ঋণের সুদ, ডলারের বিনিময় হার এবং স্টেশন পরিচালনার অন্যান্য ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে দেশের অধিকাংশ সিএনজি স্টেশন লোকসানে পরিচালিত হচ্ছে বলে তাদের দাবি।

আরও পড়ুন: শ্রমবাজার নিয়ে আলোচনা কর‍তে মালয়েশিয়ার যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে-  প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ। জ্বালানির দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল।  সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়