শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ার যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) রাতে কুয়ালালামপুরের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও মন্ত্রীর সফরসঙ্গী হতে পারেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। তবে এ ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সেসব সমস্যা সমাধান এবং শ্রমবাজার চালুর বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই এ সফর।
২০২৪ সাল থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। সে বছর মালয়েশিয়া সরকার ঘোষণা দেয়, পূর্ব অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের ৩১ মে'র মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। ওই সময়সীমা শেষ হওয়ার পর কর্মী ভিসায় আর কোনো বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেননি।
পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে একাধিকবার চেষ্টা করা হলেও শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়নি।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ এই জনশক্তির বাজার পুনরায় উন্মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত এপ্রিলে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়া সফর করেন।
আরও পড়ুন: সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল
এ ছাড়া জুনের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরকালে দেশটির সরকারের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








