স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ২৭ জুলাই ২০২৬

ফের চালু বিমান বাংলাদেশের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ফের চালু বিমান বাংলাদেশের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ছবি: সংগৃহীত

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।

সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে। ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, “আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর প্রয়োজন বিবেচনায় ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে এ রুটের চাহিদা বাড়লে শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন। তাঁর ভাষ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যাত্রীসেবার স্বার্থে আবারও এ রুট চালু করা হয়েছে।

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির উদ্বোধন করেন।

আরও পড়ুন: নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এ রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়