নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দীর্ঘ পথচলার পর পর্দা নামতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর প্রথম আসরের। আগামীকাল সোমবার (২৭ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দেশব্যাপী আয়োজিত এ ক্রীড়া উৎসবের জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে দেশের খুদে ক্রীড়াবিদদের উৎসাহিত করতে মাঠের বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে তিনি রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল।
খেলা শেষে প্রদর্শিত হবে প্রতিযোগিতার প্রামাণ্যচিত্র। পাশাপাশি থিম সং-এর সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যের পর বিভিন্ন ডিসিপ্লিনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পরে বিজয়ীদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেবেন অতিথিরা।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-এর আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টস—এই আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।
আঞ্চলিক পর্ব শেষে গত ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে শুরু হয় জাতীয় পর্ব। এতে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের একটি বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাইকৃত এসব খুদে প্রতিভাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।
আরও পড়ুন: অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: শামা ওবায়েদ
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেটের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাঠমুখী করা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








