অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ বিষয়ক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, অনেক দেশ ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করছে।
তিনি বলেন, “চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।”
বিনিয়োগের সময়সূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ কোনো নির্দিষ্ট দিনক্ষণ দেখে হয় না। বিনিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।
বিনিয়োগের পথে প্রতিবন্ধকতা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশি দেশে বিনিয়োগ করতে চান, তারাও নানা ধরনের জটিলতার মুখোমুখি হন।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, বিএনপি একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে গতিশীল করতে সরকার প্রয়োজনীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করছে।
বিনিয়োগের অগ্রাধিকার খাত সম্পর্কে তিনি বলেন, জ্বালানি খাতের পাশাপাশি টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতিকে গুরুত্ব দিয়ে কুটির শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদন, শিল্প-সংস্কৃতি এবং খেলাধুলার মতো খাতেও বিনিয়োগের পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার।
আরও পড়ুন: চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার
প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া খাতে বিনিয়োগ আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া কূটনীতিকে কাজে লাগাচ্ছে। একইভাবে দেশের সংস্কৃতি খাতেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্লু-ইকোনমি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। বাংলাদেশে ব্লু-ইকোনমিতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশ এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








