চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার
ছবি: সংগৃহীত
দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়ন সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে খাতটির টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শিল্পটির উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।
তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি চাষের অনুপযোগী চা বাগানের জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানান। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ ছাড়া চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এবং চা বাগান মালিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








