সাবেক রাষ্ট্রপতি হামিদ-চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ফাইল ছবি
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) পৃথকভাবে এসব অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম।
এছাড়া কালচারাল ফ্যাসিস্ট নামে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
পরে এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো তো আমি পড়ে দেখিনি। একটা দিয়েছে আজাদ পার্টি। আরেকটা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম।
আরও পড়ুন : বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু
তিনি বলেন, অভিযোগ আমাদের কাছে আসলে আমরা সাধারণত তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেই। এ ক্ষেত্রেও আমার কাছে উপস্থাপিত হলে সেটা আমি তদন্ত সংস্থায় পাঠিয়ে দেব। এর বাইরে আমি কিছু জানি না।
রাষ্ট্রসংলাপ ফোরাম জানায়, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক।
ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানাসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ আনেন তারা।
নিউজবাংলাদেশ.কম/এনডি








