স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ২৬ জুলাই ২০২৬

৩৪ ব্র্যান্ডের টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

৩৪ ব্র্যান্ডের টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

প্রতীকী ছবি

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতে মানবদেহের জন্য ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিকের কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। পরীক্ষায় সবচেয়ে বেশি প্লাস্টিকের কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেল টুথপেস্টে।

পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক বছরব্যাপী গবেষণার পর এ তথ্য প্রকাশ করেছে।  রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত ফলাফল তুলে ধরা হয়।

এসডো জানায়, দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষা পরিচালনার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টেরিওমাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (FTIR) স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে টুথপেস্টগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা করা ২৫টি বাংলাদেশে উৎপাদিত টুথপেস্টের মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া ভারতের পাঁচটি ব্র্যান্ডের একটিতে, থাইল্যান্ডের দুটি ব্র্যান্ডের একটিতে এবং ভিয়েতনামের দুটি ব্র্যান্ডের দুটিতেই ক্ষতিকর প্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে।

প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বোচ্চ ৩২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। এছাড়া ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি করে, কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি)-তে ১৪০টি, সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি করে এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতির আইনি সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

শিশুদের টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলাতে ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি প্লাস্টিকের কণা পাওয়া গেছে।

তবে সব ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। গবেষণায় দেখা গেছে, দেশীয় ব্র্যান্ড জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজিতে কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি। একইভাবে শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জ টুথপেস্টেও ক্ষতিকর প্লাস্টিকের কণার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে এসডো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়