নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৮, ২৬ জুলাই ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। 

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। 

এ সময় রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণের পর তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত পরিদর্শক (দর্শনার্থী) বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে বেলা প্রায় ১১টা ৪৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিচ্ছেন স্পিকার

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দিনের কর্মসূচি শেষে বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে দায়িত্ব পালনকালে তিনি বঙ্গভবনে অফিস করলেও জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে আগেই জানিয়েছেন।

এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 

মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম পূর্ণাঙ্গ সরকারি কর্মসূচি। রাষ্ট্রীয় রীতি অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এরপর ধারাবাহিকভাবে জাতীয় গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বঙ্গভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়