কূটনৈতিক দায়িত্বে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষে তাদের বর্তমান চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (০৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: রণক্ষেত্র মধ্যপ্রাচ্য: হুমকির মুখে প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ
উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করা হয়েছে। এই রদবদলের কারণে তিনজন কর্মকর্তার জায়গায় নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে।
সেনাবাহিনীর পদোন্নতি ও রদবদলের ইতিহাস অনুসারে, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার, মেজর জেনারেল মো. জাহাংগীর আলম ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক এবং মেজর জেনারেল মো. নাসিম পারভেজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট ছিলেন।
এই নিয়োগ সেনাবাহিনীর অভিজ্ঞতা ও কূটনৈতিক ক্ষমতা একত্রিত করে দেশের বৈদেশিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








