News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৫, ৩ মার্চ ২০২৬

বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী 

বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন উপনির্বাচনের কারণে নিজের পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি রক্ষা এবং কোনো বিতর্ক এড়াতে এ সফর আপাতত স্থগিত করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে জানান, ১০ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং সুবিধাজনক সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদীয় রীতি অনুযায়ী, শপথ গ্রহণের আগে তিনি নিজের পৈত্রিক আসন বগুড়া-৬ ছেড়ে দেন।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া শূন্য আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

সফর স্থগিতের বিষয়ে রেজাউল করিম বাদশা মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মের মধ্যে থাকতে চান। বগুড়া সদর আসনে উপনির্বাচন চলাকালীন সময়ে ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ হতে পারত। এই আইনি জটিলতা এড়াতেই প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ১০ মার্চ প্রধানমন্ত্রী বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। তবে উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বগুড়াবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রী নতুন সূচি অনুযায়ী নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়