আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৫৯, ২৯ জুলাই ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুমামোতো জেলায় এখনও বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে উদ্ধারকারী দল।

তিনি বলেন, প্রতিটি মুহূর্তই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটকে পড়াদের উদ্ধারে সরকারের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানো হবে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশু দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূলসংলগ্ন সাগরের প্রায় ২০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্র অগভীর গভীরতায় হওয়ায় কুমামোতো জেলায় ব্যাপক কম্পন অনুভূত হয় এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় সেখানে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার ৩৬ হাজারের বেশি বাড়িতে এখনও বিদ্যুৎ নেই। এছাড়া অধিকাংশ সড়কে ফাটল দেখা দেওয়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ভূমিকম্পের পরপরই বিভিন্ন এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। রাতভর অভিযানের পর বুধবার সকাল পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর কুমামোতোর একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে ২০ বছর বয়সী দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বড় ধরনের ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা থাকায় অনেক বাসিন্দা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে বহু হতাহতের শঙ্কা

প্রায় সাত লাখ মানুষের বাস কুমামোতো শহরে। এদিকে তীব্র গরম এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় হিটস্ট্রোকের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়