১৩ দিনের সংঘাতের পর অভিযান বন্ধ, কারণ জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপে আগ্রহ প্রকাশ করেছে। এ কারণেই ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তারা (ইরান) খুব ভদ্রভাবে আমাদের বলেছে, দয়া করে অভিযান থামান, আসুন সাক্ষাৎ করি। আমরা এখন সেই অবস্থায় আছি। দেখা যাক কী হয়। যদি কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আবার আগের পথেই ফিরতে হবে।
জুলাই মাসের শুরুতে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। ওই হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে আইআরজিসি।
টানা ১৩ দিনের পাল্টাপাল্টি অভিযানের পর গত ২৫ জুলাই সেন্টকম সামরিক অভিযান স্থগিত করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
সম্প্রতি ইরানের একজন সরকারি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হামলার বদলে হামলা নীতি অনুসরণ করে আসছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বিষয়ে ওয়াশিংটনকে বার্তাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রয়টার্সে ওই তথ্য প্রকাশের একদিনের মধ্যেই ট্রাম্প সামরিক অভিযান স্থগিতের কারণ হিসেবে ইরানের শান্তি সংলাপের আগ্রহের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: ভারত সীমান্তে চীনের জে-২০ যুদ্ধবিমান মোতায়েন
তবে এর আগে ২৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরু করার কোনো পরিকল্পনা তেহরানের নেই। সূত্র: সিএনএন
নিউজবাংলাদেশ.কম/এসবি








