News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৭, ২ মার্চ ২০২৬

ইরানে আগ্রাসন সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদ লঙ্ঘন: চীন

ইরানে আগ্রাসন সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদ লঙ্ঘন: চীন

ফাইল ছবি

ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উদ্ভূত চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। 

সোমবার (০২ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন। 

চীন স্পষ্ট জানিয়েছে, এই সামরিক পদক্ষেপের পেছনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন নেই, যা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মাও নিং বলেন, সবচেয়ে জরুরি কাজ হল সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধ করা। বর্তমান সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি।

তিনি বলেন, চীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত।

আরও পড়ুন: ইরানের ড্রোন হামলায় বন্ধ সৌদির বৃহৎ তেল শোধনাগার রাস তানুরা

তিনি আরও ব্যাখ্যা করেন, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলা ও হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী। এ প্রসঙ্গে চীন জানিয়েছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী প্রণালীটি বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। 

মাও নিং উল্লেখ করেন, অঞ্চলটি নিরাপদ ও স্থিতিশীল রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে সামরিক সংঘাতে এক চীনা নাগরিক নিহত হয়েছে। বেইজিং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং চীনা দূতাবাসকে ভুক্তভোগী ও পরিবারের সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করেছে। সংঘাত বৃদ্ধি পাওয়ার পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং সোমবার পর্যন্ত ৩,০০০-এরও বেশি চীনা নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশগুলোর চীনা কূটনৈতিক মিশন সীমান্তে সহায়তা প্রদান করছে।

মাও নিং বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ বা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের চীন দৃঢ় বিরোধী। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে ফোনালাপে যোগাযোগের কথা উল্লেখ করে বলেন, সাংহাই সহযোগিতা সংস্থা সহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে চীন আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষায় কাজ করতে প্রস্তুত।

সাইবার নিরাপত্তার প্রসঙ্গে মাও নিং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সাইবারস্পেসে অস্থিতিশীলতার উৎস। চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলা ও প্রস্তুতির বিষয়ে বেইজিং উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

চীনের এই পদক্ষেপ এবং আহ্বান মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সংঘাত রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করার লক্ষ্যে এসেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী ইসরায়েল ও মার্কিন ঘাঁটির বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ’ অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে, যার প্রেক্ষিতে দোহা, দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়