News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৭, ১৯ জানুয়ারি ২০২৬

জানুয়ারির নিরাপত্তা আপডেটের পর কিছু উইন্ডোজ পিসি বন্ধ হচ্ছে না

জানুয়ারির নিরাপত্তা আপডেটের পর কিছু উইন্ডোজ পিসি বন্ধ হচ্ছে না

ছবি: সংগৃহীত

জানুয়ারির সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পর কিছু উইন্ডোজ পিসিতে বন্ধ না হওয়ার সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৩এইচ২ সংস্করণে ‘সিস্টেম গার্ড সিকিউর লঞ্চ’ ফিচার সক্রিয় থাকা নির্দিষ্ট কিছু ডিভাইসে এ সমস্যা দেখা যাচ্ছে। এসব পিসি বন্ধ বা হাইবারনেশনে যাওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাচ্ছে।

মাইক্রোসফটের তথ্যমতে, সমস্যাটি কেবল উইন্ডোজ ১১–এর এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে শনাক্ত হয়েছে। বিশেষ করে যেসব ডিভাইসে কেবি৫০৭৩৪৫৫ নম্বরের সমন্বিত নিরাপত্তা আপডেট ইনস্টল করা হয়েছে, সেগুলোই এই ত্রুটির শিকার হচ্ছে। উল্লেখ্য, এই আপডেটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়।

উইন্ডোজ রিলিজ হেলথ ড্যাশবোর্ডে বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে জানানো হয়, ২০২৬ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পর সিকিউর লঞ্চ চালু থাকা কিছু পিসিতে এ সমস্যা শুরু হয়। হালনাগাদটি ইনস্টল করার পর ডিভাইস বন্ধ বা হাইবারনেশনে নেওয়ার চেষ্টা করলে তা কার্যকর না হয়ে পুনরায় চালু হয়ে যাচ্ছে।

‘সিস্টেম গার্ড সিকিউর লঞ্চ’ উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার, যা কম্পিউটার চালুর সময় ফার্মওয়্যার পর্যায়ের আক্রমণ এবং রুটকিটের মতো ক্ষতিকর ম্যালওয়্যার থেকে সিস্টেমকে সুরক্ষা দেয়।

স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত মাইক্রোসফট সাময়িক একটি বিকল্প পদ্ধতির কথা জানিয়েছে। আক্রান্ত ব্যবহারকারীরা কমান্ড প্রম্পট খুলে নির্দিষ্ট নির্দেশ ব্যবহার করে ডিভাইস বন্ধ করতে পারবেন। তবে যেসব সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেশনের জন্য কনফিগার করা, সেগুলোর ক্ষেত্রে আপাতত কোনো কার্যকর বিকল্প সমাধান নেই।

এ বিষয়ে সতর্ক করে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের সব কাজ সংরক্ষণ করে ডিভাইস বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় ডিভাইস হাইবারনেশনে না গিয়ে চালু অবস্থায় থাকলে ব্যাটারি সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: আয় বাড়তে এবার চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখাবে ওপেনএআই

এদিকে জানুয়ারি ২০২৬–এর আরেকটি নিরাপত্তা হালনাগাদ কেবি৫০৭৪১০৯ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। ওই আপডেটের কারণে ক্লাউড পিসিতে রিমোট ডেস্কটপের মাধ্যমে সংযোগের সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং পরিচয় যাচাই–সংক্রান্ত ত্রুটি দেখা দিচ্ছে।

এর আগে মঙ্গলবার প্রতিষ্ঠানটি আরও একটি পরিচিত সমস্যার সমাধানের কথা জানায়। ওই ত্রুটির কারণে কিছু নিরাপত্তা সফটওয়্যার ভুলভাবে উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ সিস্টেম উপাদানকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করছিল। সমস্যাটি উইন্ডোজ ১০, উইন্ডোজ ১১ এবং উইন্ডোজ সার্ভার ২০১২ থেকে উইন্ডোজ সার্ভার ২০২৫ পর্যন্ত বিভিন্ন সংস্করণে দেখা গিয়েছিল। সূত্র: ব্লিপিং কম্পিউটার নিউজ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়