চিপ সংকটে উৎপাদন ব্যাহত, সতর্ক বার্তা দিল অ্যাপল
ছবি: সংগৃহীত
উন্নত চিপের ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে চলতি প্রান্তিকে প্রত্যাশার তুলনায় কম আয়ের পূর্বাভাস দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ ঘোষণার পর আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে কোম্পানিটির শেয়ারদর প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কমে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানান, নতুন পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও উন্নত চিপ উৎপাদনের সীমাবদ্ধতা এবং বৈশ্বিক মেমোরি চিপ সংকটের কারণে বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ করা যাচ্ছে না। সংকট মোকাবিলায় বিকল্প মেমোরি চিপ সরবরাহকারীর সন্ধান করছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, বিশেষ করে এন্ট্রি-লেভেলের ম্যাকবুক নিও এবং হাই-এন্ড ম্যাকবুক প্রোর চাহিদা বিশ্বজুড়ে বেড়েছে। তবে চিপ সংকটের কারণে উৎপাদনের গতি ব্যাহত হচ্ছে।
এদিকে জুনে শেষ হওয়া অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা করেছে অ্যাপল। এ সময়ে কোম্পানিটির মোট রাজস্ব ১৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০ হাজার ৯৪২ কোটি ডলারে পৌঁছেছে।
এর মধ্যে আইফোন বিক্রি ২১ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৫ হাজার ৪২৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ম্যাক কম্পিউটার বিক্রি প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৫ কোটি ডলারে পৌঁছালেও আইপ্যাড বিক্রি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।
অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস সার্ভিস খাতের রাজস্ব ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে সেটি ওয়াল স্ট্রিটের প্রত্যাশা পূরণ করতে পারেনি। অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তা কেভান পারেখ বলেন, গেমিং খাতের মন্দা এবং অ্যাপ স্টোর-সংক্রান্ত নীতিগত ও আইনি পরিবর্তনের প্রভাবে এ খাতের প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়েছে।
এ ছাড়া চীন, তাইওয়ান ও হংকং নিয়ে গঠিত গ্রেটার চায়না অঞ্চলে বিক্রি ২২ শতাংশের বেশি বাড়লেও তা বিশ্লেষকদের পূর্বাভাসের নিচে ছিল।
আরও পড়ুন: ডিজিটাল রূপান্তরে কেউ যেন পিছিয়ে না পড়ে: আইসিটি মন্ত্রী
সব মিলিয়ে সেপ্টেম্বরে শেষ হতে যাওয়া চলতি প্রান্তিকে অ্যাপল ৯ থেকে ১১ শতাংশ রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত ১২ শতাংশের চেয়ে কম। কোম্পানিটির ভাষ্য, চাহিদার ঘাটতি নয়, বরং বৈশ্বিক সরবরাহ সংকটই প্রবৃদ্ধির প্রধান বাধা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








