ভুয়া প্রোফাইল ঠেকাতে ফেসবুক আনছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ
ফাইল ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রোফাইল ও নকল পরিচয়ের সংখ্যা বাড়ছে। এ ধরনের জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাইয়ের সুবিধাসহ নতুন ফেসবুক ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা জানিয়েছে, নতুন এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। যাচাই শেষে সংশ্লিষ্ট প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ প্রদর্শিত হবে, যা নিশ্চিত করবে যে অ্যাকাউন্টটির পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন। তবে এটি মেটার অর্থের বিনিময়ে দেওয়া মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন সেবার সঙ্গে সম্পর্কিত নয়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে নতুন এ ব্যবস্থার কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দেওয়ার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই পরিচয় যাচাই সম্পন্ন হতে পারে। এতে প্রকৃত ব্যবহারকারীকে সহজে শনাক্ত করা যাবে এবং অ্যাকাউন্টটি যে একজন বাস্তব ব্যক্তির, সে বিষয়ে অন্যদের আস্থা বাড়বে।
এ ছাড়া ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচার সময় ক্রেতা ও বিক্রেতার পরিচয় সম্পর্কে অতিরিক্ত নিশ্চয়তা পাওয়া যাবে। ডেটিং প্রোফাইলেও ভুয়া পরিচয়ের ঝুঁকি কমবে এবং বিভিন্ন গ্রুপে যাচাইকৃত সদস্যদের সহজে শনাক্ত করা সম্ভব হবে।
মেটা আরও জানিয়েছে, একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে সমর্থিত সব ফিচারে স্বয়ংক্রিয়ভাবে ব্যাজ প্রদর্শিত হবে। সেলফি ভিডিও, প্রোফাইল ছবি এবং অন্যান্য তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করবে ফেসবুকের যাচাই ব্যবস্থা।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই উদ্যোগ এআই-তৈরি ভুয়া প্রোফাইল শনাক্ত করতেও কার্যকর ভূমিকা রাখবে। বর্তমানে প্রোফাইল, মার্কেটপ্লেস, ডেটিং ও গ্রুপে ব্যাজ প্রদর্শনের সুবিধা থাকলেও ভবিষ্যতে নিউজ ফিডের পোস্টেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে প্রাইভেট ভিউ কাউন্টস সুবিধা
তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কেবল পরিচয় যাচাইয়ের প্রমাণ। এটি কোনো ব্যবহারকারীর আচরণ, সততা বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। তাই ভেরিফায়েড ব্যাজ থাকলেও ব্যবহারকারীদের সতর্ক থেকে প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








