তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৬, ২৮ জুলাই ২০২৬

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে ‘প্রাইভেট ভিউ কাউন্টস’ সুবিধা

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে ‘প্রাইভেট ভিউ কাউন্টস’ সুবিধা

ছবি: সংগৃহীত

প্রশাসকদের জন্য নতুন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। প্রাইভেট ভিউ কাউন্টস নামে এ সুবিধার মাধ্যমে চ্যানেলে প্রকাশিত প্রতিটি পোস্ট কতজন অনুসারী দেখেছেন, তা সহজেই জানতে পারবেন চ্যানেল প্রশাসকেরা।

বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসের বেটা সংস্করণে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধা চালু হলে কোনো চ্যানেলে পোস্ট প্রকাশের পর পোস্টটির নিচে একটি ভিউ কাউন্টার দেখা যাবে। এর মাধ্যমে প্রশাসকেরা জানতে পারবেন পোস্টটি কতজন অনুসারী দেখেছেন। তবে এ তথ্য শুধুমাত্র চ্যানেলের প্রশাসক দেখতে পারবেন; অন্য অনুসারীদের জন্য এটি দৃশ্যমান হবে না।

এর ফলে কোন ধরনের পোস্ট বেশি সাড়া পাচ্ছে, তা সহজেই বিশ্লেষণ করতে পারবেন কনটেন্ট নির্মাতা ও চ্যানেল পরিচালকেরা। একই সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তাও অক্ষুণ্ন থাকবে।

বর্তমানে চ্যানেলের কোনো পোস্ট কতজন দেখেছেন, তা জানার নির্ভরযোগ্য কোনো ব্যবস্থা নেই। পোস্ট কতবার ফরোয়ার্ড হয়েছে, তা থেকে কিছুটা ধারণা পাওয়া গেলেও প্রকৃত ভিউসংখ্যা জানা যায় না। ফলে অনেক সময় চ্যানেলের জনপ্রিয়তা সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়।

নতুন ফিচার চালু হলে প্রশাসকেরা সহজেই বুঝতে পারবেন কোন পোস্ট সবচেয়ে বেশি দেখা হয়েছে এবং কী ধরনের কনটেন্ট অনুসারীদের বেশি আকৃষ্ট করছে। এতে দর্শকদের আগ্রহ বিশ্লেষণ করে ভবিষ্যতের কনটেন্ট পরিকল্পনা করা আরও সহজ হবে।

আরও পড়ুন: সেলফি ভিডিও দিয়েই লগইন করা যাবে গুগল অ্যাকাউন্ট

এ ছাড়া চ্যানেলকে আরও অংশগ্রহণমূলক করতে ভবিষ্যতে পাবলিক ভিউ কাউন্টস নামে আরেকটি ফিচার চালুর পরিকল্পনা রয়েছে। এ সুবিধা চালু হলে প্রতিটি পোস্টের ভিউসংখ্যা চ্যানেলের সব অনুসারী দেখতে পারবেন। তবে ফিচারটি এখনো উন্নয়নাধীন। সূত্র: টেকলুসিভ
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়