তিন দিনেই ১০০ কোটির ক্লাবে নানির ‘দ্য প্যারাডাইস’
ছবি: সংগৃহীত
নানি অভিনীত দ্য প্যারাডাইস মুক্তির তৃতীয় দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। বক্স অফিসে সিনেমাটির বড় অংশের আয় আসছে তেলুগু বাজার থেকে। শুক্রবার (25 আয় কমলেও শনিবার সংগ্রহে কিছুটা উন্নতি হয়েছে।
বুধবার সীমিতসংখ্যক প্রিভিউ শোর মাধ্যমে শুরু হয় সিনেমাটির যাত্রা। বৃহস্পতিবার ছিল সিনেমাটির সবচেয়ে বেশি আয়ের দিন। তবে শুক্রবার এক ধাক্কায় আয় অর্ধেকের বেশি কমে যায়। শনিবার কিছুটা ঘুরে দাঁড়ায় সিনেমাটি।
বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে সিনেমাটি নিট ১৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এতে দেশটিতে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৯০ কোটি ৫০ লাখ রুপি। আর ভারতীয় বাজারে নিট আয় হয়েছে ৭৬ কোটি ৪০ লাখ রুপি।
বিদেশের বাজারে তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৪ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় এখন ১১৯ কোটি ৫০ লাখ রুপি।
শুক্রবার সিনেমাটির আয় ৫০ শতাংশের বেশি কমে দাঁড়ায় ১৪ কোটি ৯০ লাখ রুপিতে। সেদিন দর্শক উপস্থিতির হার ছিল ৩২ দশমিক ৮ শতাংশ। শনিবার আয় সামান্য বেড়ে হয়েছে ১৫ কোটি ২৫ লাখ রুপি। এদিন দর্শক উপস্থিতির হার ছিল ৩৩ দশমিক ৪ শতাংশ।
তেলুগু সংস্করণ থেকেই সবচেয়ে বেশি আয় করছে দ্য প্যারাডাইস। শনিবার তেলুগু সংস্করণে ৩ হাজার ৬১৭টি শো থেকে আয় হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ রুপি। হিন্দি সংস্করণে ২ হাজার ৮০৯টি শো থেকে এসেছে ১ কোটি ৬৫ লাখ রুপি। আর তামিল সংস্করণে ৪৬৩টি শো থেকে আয় হয়েছে ২৫ লাখ রুপি।
আঞ্চলিক বাজারের হিসাবেও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এগিয়ে রয়েছে। শনিবার সেখানে সিনেমাটির আয় হয়েছে ১৩ কোটি ৫০ লাখ রুপি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছে ২ কোটি ১৫ লাখ, কর্ণাটক থেকে ১ কোটি ৭০ লাখ, তামিলনাড়ু থেকে ৫৫ লাখ এবং কেরালা থেকে ১০ লাখ রুপি।
দ্য প্যারাডাইস নানির ক্যারিয়ারে সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল ওপেনিং দিয়েছে। মুক্তির প্রথম দিনে সিনেমাটির নিট আয় ছিল ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। এর আগে নানির দশারা প্রথম দিনে ২৩ কোটি ২০ লাখ এবং সরিপোধা সানিভারাম ৯ কোটি রুপি আয় করেছিল।
মুক্তির প্রথম চার দিনে দ্য প্যারাডাইস-এর নিট আয় দাঁড়িয়েছে ৭৬ কোটি ৪০ লাখ রুপি। এরই মধ্যে সরিপোধা সানিভারাম-এর পুরো ভারতীয় বাজারের ৬৩ কোটি ২১ লাখ রুপির আয়কে ছাড়িয়ে গেছে সিনেমাটি। নানির আরেক সিনেমা দশারার ৮১ কোটি ৯৩ লাখ রুপির আজীবন ভারতীয় আয়ের কাছাকাছি পৌঁছে গেছে।
আরও পড়ুন: কন্যা দিবস নিয়ে কৃতি শ্যাননের পোস্ট
দশারার পর পরিচালক শ্রীকান্ত ওডেলার সঙ্গে এটি নানির দ্বিতীয় কাজ। দ্য প্যারাডাইস প্রযোজনা করেছেন সুধাকর চেরুকুরি, শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বর সিনেমাসের ব্যানারে। এতে নানির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল, সোনালি বেন্দ্রে ও সম্পত রাজ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজবাংলাদেশ.কম/এসবি








