স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ১৩ মে ২০২৬
আপডেট: ১৩:৩৯, ১৩ মে ২০২৬

সেশনজট এড়াতে কার্যক্রম নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সেশনজট এড়াতে কার্যক্রম নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের যেন সেশনজটে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষা খাতে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস অনুযায়ী এবং সময় নষ্ট না করে কীভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে শিগগিরই বৈঠক করা হবে।

তিনি বলেন, তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছরের স্কুলিং ১০ বছরই থাকে। কোনো সেশনজট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো তোমাদের স্বার্থে যা করার প্রয়োজন, সরকার সেটাই করবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে পরীক্ষার পরিবেশ ভালো হচ্ছে, কারণ সবাই চায় পরীক্ষা সুষ্ঠু হোক। শিক্ষার্থীদের ইচ্ছা ও স্বার্থকে গুরুত্ব দিয়েই সরকার কাজ করছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও দ্রুত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতিকে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই দক্ষ মানবসম্পদ তৈরিতে মানসম্মত ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা দীর্ঘ ছুটি

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, এসব প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়