শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা দীর্ঘ ছুটি
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে একযোগে ছুটি শুরু হবে।
তবে ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ২৪ মে থেকে কার্যকর হলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষে দীর্ঘ ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। কারণ ২২ মে শুক্রবার ও ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস।
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে ক্লাস শুরু হবে। ফলে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করতে পারবে।
অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। এতে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।
এদিকে জুনের পর জুলাই মাসেও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি রয়েছে।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের অবকাশ যাপনের সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








