স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬, ১২ মে ২০২৬

উচ্চশিক্ষায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

উচ্চশিক্ষায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আঞ্চলিক শিক্ষাক্ষেত্রে এটিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিকস ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার প্রসারে বাংলাদেশ সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে।

২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ২৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীর হার গড়ে ৩.৭০ শতাংশ। এই সূচকে বাংলাদেশ প্রতিবেশী বড় দেশগুলোকেও ছাড়িয়ে গেছে।

তালিকায় বাংলাদেশের পর রয়েছে মালদ্বীপ (৩.১ শতাংশ) এবং ভারত (৩.০৫ শতাংশ)। এছাড়া পাকিস্তানে এই হার ২.৬৮ শতাংশ, ভুটানে ১.৮০ শতাংশ এবং নেপালে ১.৭০ শতাংশ। শ্রীলঙ্কায় তুলনামূলকভাবে এই হার সবচেয়ে কম, মাত্র ০.৭৭ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের এই অগ্রগতি এসেছে ধারাবাহিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের ফলে। ২০১৫ সালে এই হার ছিল ৩.৩ শতাংশ, যা ২০১৯ সালে বেড়ে সর্বোচ্চ ৪.৩ শতাংশে পৌঁছায়। এরপর কিছুটা ওঠানামা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে স্থিতিশীলভাবে ৩.৬-৩.৭ শতাংশের মধ্যে রয়েছে।

শিক্ষা বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, উচ্চশিক্ষায় নতুন নতুন বিশেষায়িত কোর্স চালু এবং চাকরির বাজারে উচ্চতর ডিগ্রির চাহিদা বাড়ায় এই সাফল্য এসেছে। 

আরও পড়ুন: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার অবদান

তাদের মতে, এই অর্জন আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষানীতি ও দক্ষ জনশক্তি তৈরির সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়