|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৮ মে ২০১৫
আপডেট: ১১:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২০

প্রবীণ সাংবাদিক হাসানুজ্জামান খান আর নেই

প্রবীণ সাংবাদিক হাসানুজ্জামান খান আর নেই


ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস ) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হাসানুজ্জামান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পারিবারিকসূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছরের বেশি।

হাসানুজ্জামান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মরচুয়ারিতে আজ তার লাশ রাখা হবে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরহুমের লাশ আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে আনা হবে। প্রেস ক্লাবে জানাযা শেষে তাকে মীরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে।

বরেণ্য সাংবাদিক হাসান উজ্জামান খান ১৯২৬ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া গ্রামে জন্মগ্রহণ করলেও তার বাবার বাড়ি মানিকগঞ্জ জেলার মূলজান গ্রামে। ১৯৪৫ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর তিনি স্বাধীনতা, পাকিস্তান অবজার্ভার, বাসস, বঙ্গবার্তা, নিউ নেশন, বাংলাদেশ টু ডে, ফিনানসিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেন। প্রায় ৬০ বছরের সাংবাদিকতা জীবনের বেশিরভাগ সময় তিনি কাজ করেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস)। বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হাসানুজ্জামান ম্যানিলায় সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ নেন। তিনি প্রেস ইনস্টিটিউটের রিসোর্স পারসন হিসেবে কাজ করেন। জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য ছাড়াও তিনি ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতা ছাড়াও বাংলাদেশ ও তদানীন্তন পূর্ব পাকিস্তানে তিনি বিজ্ঞান বিষয়ক লেখালেখির পথিকৃৎও ছিলেন। তার সম্পাদিত বই হচ্ছে ‘এগ্রিকালচার ইন বাংলাদেশ’।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হন তিনি।

হাসানুজ্জামানের ইন্তেকালে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় খালেদা জিয়া বলেন, “জনাব হাসানুজ্জামান তার দীর্ঘ সাংবাদিকতার জীবনে তার পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি নিরলস ভূমিকা পালন করেছেন-যা তাঁর সতীর্থরা শ্রদ্ধার সাথেই মনে রাখবেন বলে আমার বিশ্বাস।”

 নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়